নুসরাতকে নিয়ে আগুন সন্ত্রাসকারীদের মায়াকান্না শোভা পায় না :তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:২৪

 ‘বিএনপি সংসদে যোগ দিলে

দেশবাসী স্বাগত জানাবে’

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেছেন, ‘ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে। যারা রাজনীতির নামে পুড়িয়ে মানুষ মেরেছে, দেশে মানুষ মারার রাজনীতি চালু করেছে, তাদের মুখে নুসরাতকে নিয়ে মায়াকান্না শোভা পায় না। বিএনপি নেতাদের নুসরাতের বাড়ি যাওয়া মূলত আলগা সোহাগ দেখানো।’

গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সব কিছুতে রাজনীতি টেনে নিয়ে আসে। এটা ঠিক নয়। নুসরাত হত্যা দুঃখজনক ও মর্মান্তিক। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে।’ তিনি বলেন, ‘এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কেউ থাকলে তাদেরও বিচার হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ যারাই এ ঘটনা ঘটিয়েছেন তারা সবাই দুর্বৃত্ত।’ তিনি বলেন, নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করা ও আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলায় দায়িত্বরতরা গাফিলতির দায়ে সাজা পাবেন। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। এখন থেকে সবাই যেন এসব বিষয়ে সোচ্চার হন।

সংসদে বিএনপি যোগ দিচ্ছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘পত্রিকায় দেখলাম বিএনপি সংসদে যাওয়ার বিষয়ে বৈঠক করেছে। যদি তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা হবে ইতিবাচক। তাদের সংসদে যোগদানকে দেশবাসী স্বাগত জানাবে।