বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ল্যাব উন্নয়ন ফি ২১ হাজার টাকা বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ দাবিতে তারা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ২০১১-১২ সেশনের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ ২১ হাজার টাকা নেওয়ার কথা বলা হলেও পরবর্তী দুই ব্যাচ পর্যন্ত অব্যাহত রাখা হয়।
ইনস্টিটিউটের শিক্ষার্থী অর্নব বলেন, ল্যাব উন্নয়ন ফি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা দাবি জানানোর পর যারা গবেষণা করবে তাদের জন্য সাত হাজার টাকা আর যারা গবেষণা করবে না তাদের জন্য ১০ হাজার টাকা কমিয়েছে। কিন্তু আমরা সম্পূর্ণ ফি বাতিলের দাবি জানিয়েছি। আমরা পরিচালকের সঙ্গে কথা বলেছি।
আন্দোলনকারীরা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে আজ বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে সমাধান না হলে তারা পুনরায় আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ মো. শামছুদ্দিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
