আরো দুটি জেটি নির্মাণ হচ্ছে মোংলা বন্দরে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:২৪

বিশেষ প্রতিনিধি

মোংলা সমুদ্রবন্দরের কাজকে আরো গতিশীল করতে দুটি জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অংশীদারিত্বের ভিত্তিতে জেটি দুটি নির্মাণ করা হবে। এ লক্ষ্যে বেসরকারি খাতের সাইফ পোর্ট হোল্ডিংস এবং পাওয়ার প্যাক পোর্টস লি. এর সাথে মংলা বন্দর কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সাইফ পোর্ট হোল্ডিংস লি. এ প্রকল্পের ইঞ্জিনিয়ারিং, কেনাকাটা এবং কন্সট্রাকশনের কাজ করে ৩০ বছর এটি অপারেট করবে। এ কাজে আটশ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।

গত সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, মংলা পোর্টের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান, সাইফ পোর্টস হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, পাওয়ার প্যাক পোর্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাইফ পোর্ট হোল্ডিংস লি. সাইফ পাওয়ারটেক লি. এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের ৫৫ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং করে কোম্পানিটি।