সিটি ব্যাংক সম্প্রতি ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণ ও শিক্ষা সহায়তা হিসেবে ডিএমপির শিক্ষাবৃত্তি তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে।
এ উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এই আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপির অনেক সামাজিক কর্মকাণ্ডে সিটি ব্যাংক সহযোগিতা করে থাকে। এই সহযোগিতার মাধ্যমে পরস্পরের মধ্যে সম্পর্ক আরো গভীর হলো।’
তিনি আরো বলেন, ‘শিক্ষাবৃত্তি চালু হওয়ার পর ডিএমপি সদস্যের সন্তানদের লেখাপড়ায় সহায়তা হচ্ছে। ভবিষ্যতে সিটি ব্যাংককে নিয়ে ডিএমপি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে আরো কাজ করবে।’ সিটি ব্যাংকের এই সহযোগিতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, ‘সমাজের কল্যাণে সিটি ব্যাংক সবসময় জনসেবামূলককাজ করে থাকে, যার মধ্যে শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডিএমপির শিক্ষাবৃত্তিতে অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
এ সময় সিটি ব্যাংকের উপব্যাবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দীন কোরেশীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
