কুমিল্লায় সাগর দত্ত নামের এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এসময় তার কক্ষে সজিব নামে আরো এক ছাত্রকে গুলি করা হয়। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
আজ বুধবার ভোরে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার পান্থপথ গলির বিএইচ ভূঁইয়া হাউজ ভবনের নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ নিহতের লাশ ও অস্ত্র উদ্ধার করে।
নিহত সাগর কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং তিনি জেলার চান্দিনা উপজেলার চিরাল্লা গ্রামের শংকর দত্তের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূঁইয়া হাউজ নামের তিন তলা ভবনের নিচতলার একটি কক্ষে নিহত কলেজ ছাত্র সাগর দত্ত ও গুলিবিদ্ধ সজিব থাকতো। এদের মধ্যে সজিবের সঙ্গে এক কলেজ ছাত্রীর প্রেম ছিল। এ নিয়ে কিছু যুবকের সঙ্গে সজিবের বিরোধ চলে আসছিল।
বুধবার ভোরে দুই যুবক অস্ত্রসহ তাদের কক্ষে প্রবেশ করে। তারা প্রথমে সাগরের গলায় ছুরি ধরে মুখে স্কচটেপ লাগিয়ে দেয় এবং সজিবকে মারধর শুরু করে।
একপর্যায়ে সজিবকে গুলি করার সময় তাকে বাঁচাতে সাগর ধস্তাধস্তি শুরু করে। এসময় তারা সাগরকে গলা কেটে হত্যা করে এবং সজিবকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে পাশের কক্ষের সহপাঠিরা ওই কক্ষে গিয়ে সজিবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে
