খুবিতে তৈরি হচ্ছে দেশের প্রথম সয়েল আর্কাইভ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১০:১৯
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তৈরি হচ্ছে দেশের প্রথম সয়েল আর্কাইভ। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে (বিশফুট ভূ-গর্ভে) এ আর্কাইভ তৈরির কাজ চলছে। এটির কাজ শেষ হলে এখানে সমগ্র বাংলাদেশের বনাঞ্চল ও কৃষিভূমির মাটির সর্বমোট ১ হাজার ৮শ' ৫৮টি স্থানের দুই বা তিন স্তরের নমুনা সংরক্ষিত থাকবে যা ভবিষ্যতে বিভিন্ন গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে।
 
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই একাডেমিক ভবনটি তৈরি হয়েছিলো দেশের প্রথম ভাসমান ভিত্তি নকশার ওপর। ভবনটির মাটির ওপরে চারতলা থাকলেও মাটির নীচে রয়েছে প্রায় দুতলা সমান ফাঁকা ভিত্তিগ্রাউন্ড। আর্কিমিডিসের সূত্র ধরে এ ধরণের ফাউন্ডেশনে তৈরি এটিই প্রথম ভবন; যার নির্মাণ কাজ ১৯৯৬ সালে শুরু হয়ে ১৯৯৯ সালে শেষ হয়। গ্রাউন্ডে (মাটির নিচে) যে ফাঁকা জায়গা এতদিন অব্যবহৃত ছিলো সেটার অংশ বিশেষ কাজে লাগিয়ে এ আর্কাইভ তৈরি করা হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও এবং বাংলাদেশ বন বিভাগ এ আর্কাইভ তৈরিতে আর্থিক ও অন্যান্য সহায়তা দিচ্ছে। এ নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা।
 
এদিকে মঙ্গলবার আর্কাইভের কাজের অগ্রগতি পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে এর প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্ষেত্রে জায়গার যে স্বল্পতা রয়েছে তার মধ্যে ভূ-গর্ভে এমন একটি আর্কাইভ তৈরির উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভবনটির নীচে আরও যে খালি জায়গা রয়েছে তাও কোনো কাজে ব্যবহার করা যায় কি না সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। পরে তিনি নিউট্রিয়েন্ট ডিনামিক্স ল্যাবরেটরির কার্যক্রম ঘুরে দেখেন। উপাচার্যের পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ফউটে ডিসিপ্লিনের প্রফেসর আরিফা শারমিন, প্রফেসর ড. শরীফ হাসান লিমন, সহযোগী অধ্যাপক এস এম রুবাইয়াত আবদুল্লাহ ও গবেষণারত শিক্ষার্থীবৃন্দ।
 
এই আর্কাইভ তৈরির কাজটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আর্কাইভের কাজ চলতি বছরের জুলাই মাসের মধ্যে শেষ হবে।
 
ইত্তেফাক/এসএস