দাওয়াতে চেতনানাশক খাওয়ায়ে সেনা সদস্যের বাড়িতে লুটপাট ভাড়াটিয়ার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১২:৫৫
 
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিনব কায়দায় এক সেনা সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ওই পরিবারের নয়জনকে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে সবকিছু নিয়ে গেছে ভাড়াটিয়ারা! বুধবার সকালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
 
জানা গেছে, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলী আহম্মদের বাড়ির চারতলায় গতকয়েক মাস আগে একটি ভাড়াটিয়া পরিবার ওঠে। তারা দ্রুতই আলী আহম্মদের পরিবারের সাথে মিশে যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আলী আহম্মদের পরিবারের সবাইকে দাওয়াত দেয় ওই ভাড়াটিয়া পরিবার। দাওয়াত খেতে আসলে তাদের খাবারে চেতনানাশক ওষুধ মেশানো হয়। এতে তারা সবাই অজ্ঞান হয়ে গেলে ভাড়াটিয়া পরিবার তিনতলায় এসে আলী আহম্মদের বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।
 
এতে অসুস্থ বাড়িওয়ালা আলী আহম্মদ (৬৫), তার স্ত্রী আমিরুন নেসা (৬০), মেয়ে জহুরা বেগম (৩৫), পুত্রবধূ কামরুন্নাহার (৩০), নাতনি সালমা বেগম (২২), আবিবা (১৯), নুরে জান্নাত (৫), সুমাইয়া (৫) ও নাতি আলী হোসেন (৯)। তারা সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের সবাই অসুস্থ থাকায় বিস্তারিত কিছু জানা যায়নি। তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এএম