বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) ক্যাম্পাস এলাকায় নিরাপত্তার দাবীতে ক্লাস বন্ধ রেখে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে কলেজের বহিরাগতরা এক ছাত্রীর ব্যাগ ধরে টানাটানি করার প্রতিবাদে বুধবার সকাল থেকে এ কর্মসূচী পালন করছেন তারা।
এর আগেই এই ঘটনার প্রতিবাদে গভীর রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। অবস্থান কর্মসূচী পালনকারীরা জানান, দীর্ঘ দিন ধরেই কলেজ ক্যাম্পাসটি অরক্ষিত। খুব সহজেই বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে আমাদের সহপাঠীদের সাথে খাবার আচরণ করে যাচ্ছে। বিশেষ করে ক্যাম্পার্সের সড়কটি দিয়ে সন্ধ্যার পর কোন ছাত্রী বের হতে পারছেন না। ওই সড়কটিতে বাতি দেয়া হলেও তা রহস্য জনকভাবে অফ কিংবা ভেঙে ফেলা হচ্ছে। তাই অন্ধকারে মোটরসাইকেল কিংবা অন্য কোন যানবাহনে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এক ছাত্রী হোস্টেলের দিকে যাচ্ছিলেন। এ সময় মাহেন্দ্রে থাকা বখাটেরা ওই ছাত্রীর সঙ্গে থাকা ব্যাগ ধরে টান দেয়। এক পর্যায়ে ছাত্রীর হাত ধরে টানাটানি করে। পরবর্তীতে ওই ছাত্রী ডাক-চিৎকার দিলে ওই মাহেন্দ্রের পিছনে থাকা মোটরসাইকেলে দুই বহিরাগতসহ সকলে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে রাতেই শিক্ষার্থীরা মশাল জ্বালিয়া ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করে।
তারা দ্রুততার সাথে ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন, ঘটনাস্থলে লোহার গেইট স্থাপন, কলেজের প্রতিটি ফটকে পকেট গেইট স্থাপন করা এবং নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দাবীতে ক্লাস বন্ধ রেখে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা জানান, দীর্ঘ দিন ধরেই শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ করছে। আমারা বিষয়টি পুলিশের নিকট অবহিত করেছি। কিন্তু কোন প্রতিকার পাচ্ছি না। তাই এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য শিক্ষকদের সাথে বৈঠক করে খুব শীঘ্রই সমাধান করা হবে।
ইত্তেফাক/এসএস
