অনেকদিন পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষ কানায় কানায় ভরে উঠল।
চমকের গুঞ্জন নিয়েই আয়োজিত হলো সংবাদ সম্মেলন। শেষ পর্যন্ত খুব একটা চমক অবশ্য থাকল না। মোটামুটি অনুমিতভাবেই ঘোষণা করা হলো ২০১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় দল। দলে একমাত্র চমক হয়ে এলেন ওয়ানডেতে অনভিষিক্ত পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহি। আর দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়লেন ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। গত এশিয়া কাপের পর এই প্রথম আবার ওয়ানডে দলে ডাক পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর এই সবকিছু মিলিয়েই তৈরি হয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ দল। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং নির্বাচক হাবিবুল বাশার।
দল ঘোষণা করে প্রধান নির্বাচক বললেন, এটিই এখন বাংলাদেশের সেরা দল। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে আয়ারল্যান্ডে। সেখানে বাড়তি ক্রিকেটার হিসেবে যাচ্ছেন ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসান। মূল দলের কেউ খুব খারাপ করলে বা ইনজুরিতে পড়লে এই দুই জনের কারো কপাল খুলে যেতে পারে।
জানা যাক কেমন হলো বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড। ক্রিকেটের আসন্ন বিশ্ব আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। তার সহকারী হিসেবে থাকছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে আছেন আরো তিন অভিজ্ঞ তারকা— মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। পারফরম্যান্স ওঠানামার মধ্যে থাকলেও নির্বাচকদের আস্থা পেয়েছেন সৌম্য সরকার ও লিটন দাস। এ ছাড়া দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান রুম্মন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহি।
এর মধ্যে রাহির ডাক পাওয়াটা একটু আলোচিত ছিল। কারণ, তিনি এখনো ওয়ানডে খেলেননি। রাহি সম্পর্কে বলতে গিয়ে নান্নু বলেছেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে সে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। আমাদের পেসারদের মধ্যে সুইং বোলারের সংখ্যা বেশ কম। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজ আছে। আর মে এবং জুন মাসের দিকে ঠান্ডাও বেশি থাকে। তাপমাত্রাও অনেক কম থাকে। সেই হিসেবে পেসারদের মধ্যে সুইং বোলার কাউকে যদি অন্তর্ভুক্ত করতে পারি তাহলে সেটি আমাদের জন্য প্লাস পয়েন্ট। সেই চিন্তা করে রাহিকে দলে রাখা হয়েছে।’
সবমিলিয়ে নান্নু মনে করেন, এটাই এই সময়ে বাংলাদেশের সেরা দল। একমাত্র রাহি ছাড়া সকলের অভিজ্ঞতা আছে। আর নান্নু চান, এবার সেই অভিজ্ঞতাটা কাজে লাগান খেলোয়াড়রা।
