নটরডেমে অগ্নিকান্ডে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:৩১

বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অগ্নিকান্ডে নটরডেম ক্যাথেড্রলের ব্যাপক ক্ষতি হওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন। গতকাল পাঠানো শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সোমবার ভয়াবহ অগ্নিকান্ডে নটরডেম ক্যাথেড্রলের ব্যাপক ক্ষতিতে আমরা গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত। এই ঐতিহাসিক ক্যাথেড্রলের ক্ষতি কেবল ফ্রান্সের মানুষের নয়, সমগ্র মানবজাতির জন্য এক হূদয় বিদারক ঘটনা। আমরা ফ্রান্সের মানুষের বেদনা ও শোকের অংশীদার। আমি আন্তরিক সমমর্মিতার সাথে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে আপনার এবং ফ্রান্সের জনগণের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের ভাবনা ও প্রার্থনায় ফ্রান্সের জনগণের সাথে রয়েছি।