মঠবাড়িয়ায় পৃথক ঘটনায় যুবক ও কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৯:৫৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক ঘটনায় ইসমাইল হোসেন নামে এক যুবক ও শিখা আক্তার নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার ধানিসাফা ফুলঝুড়ি গ্রাম থেকে শিখা ও সন্ধ্যায় সাপলেজা ভাইজোড়া গ্রাম থেকে ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। দুই জনই আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
 
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের শাজাহান খানের কিশোরী মেয়ে শিখা আক্তার প্রেম ঘটিত কারণে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে শিখার ঝুলন্ত লাশ ও প্রতিবেশী প্রেমিক আবু হানিফের উদ্দেশ্যে লেখা ওই কিশোরীর একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
 
অপরদিকে উপজেলার ভাইজোড়া গ্রামের দিনমজুর মোক্তার আলীর ছেলে ইসমাইল হোসেন (২২) ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে ঘরে থাকা চালের পোকা নিধন ট্যাবলেট সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় পথে তার মৃত্যু ঘটে।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস