ফেরদৌসের ভারতীয় ভিসা বাতিল

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:৪৫

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বড় বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা ফেরদৌস। এ কারণে তার ভিসা বাতিল করা হয়েছে। ওয়ার্কিং ভিসায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করার জন্য ভারতে ছিলেন ফেরদৌস। ভিন দেশের এক নাগরিক কীভাবে ভারতে নির্বাচণী প্রচারে অংশ নিলেন, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে দ্রুত তাকে বাংলাদেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তারপর সোমবারই তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

গত রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে পশ্চিমবঙ্গের দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত হেমতাবাদ ও করনদিঘিতে প্রচারণায় যোগ দেন ফেরদৌস। তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ারও আবেদন জানান। এরপরই বিজেপি পশ্চিমবঙ্গ নির্বাচন   কমিশনে ‘ মডেল কোড অফ কন্ডাক্ট’ ভাঙার অভিযোগ আনে। ওই প্রচারণায় টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ, পায়েলও ছিলেন। খোলা জিপে রোড শো করার পাশাপাশি জনসভায় তৃণমূল প্রার্থীর সমর্থনে ভাষণও দেন ফেরদৌস।