বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ‘দৈনিক ইত্তেফাক’ ভবনে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শুরু হওয়া ‘বৈশাখের ফ্যাশন ভাবনা, সাজ, মিষ্টিমুখ ও মঙ্গল শোভাযাত্রার শুভবার্তা’ শীর্ষক আলোচ্যসূচীতে নিজেদের বক্তব্য তুলে ধরেন আমন্ত্রিতরা। বৈঠকটির সভাপতিত্ব করেন ‘দৈনিক ইত্তেফাকে’র ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক ‘অনন্যা’র সম্পাদক তাসমিমা হোসেন।
‘দৈনিক ইত্তেফাক’ ভবনের মজিদা বেগম মিলনায়তনের বৈঠকটিতে চারুকলার শিক্ষক, ফ্যাশন ডিজাইনার, বিউটি এক্সপার্ট, মিষ্টান্ন প্রস্ততকারকসহ মাছ ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। এসময় আসন্ন সার্বজনীন এই উৎসবটিকে স্বতঃস্ফূর্তভাবে পালনের ব্যাপারে সহায়ক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন তারা। বাঙালি সত্তার এই উৎসব যেন স্বদেশী পোশাকের উৎসাহে পালিত হয়, শুরুতেই এ বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়। দেশিয় পোশাক শিল্পে ‘তাঁত অক্সিজেন, তাঁতকে বাঁচান’ এমন দাবি ওঠে আসে।
এসময় ফ্যাশন ব্রান্ডের কর্ণধারেরা বলেন, ‘এখন বৈশাখের পোশাকও আমদানি হচ্ছে। এতে স্বদেশী চেতনার নবজাগরণ স্তিমিত হওয়ার পথে। দেশে আড়াইশো বছর ধরে এখনো তাঁত টিকে আছে।’ তাঁতের পাশাপাশি দেশিয় ফ্যাশন ব্যান্ডগুলোকে সমর্থন দেয়ার আহ্বান জানান তারা।
IMG0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘বাংলা বর্ষবরণ উদযাপনের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। এর জন্য বিশ্ববিদ্যালয় থেকে সামান্য অনুদান পাওয়া যায়। বাইরের অনুদান নেয়া হয়না। স্বল্পমূল্যে নিজেদের শিল্পকর্ম বিক্রি করেই বাকী অর্থের যোগান দেয় শিক্ষার্থীরা। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর আলাদা একটি প্রতিপাদ্যে দেশব্যাপী মঙ্গল শোভাযাত্রা হয়ে আসছে। মরমি সাধক লালন সাঁইয়ের বিখ্যাত উক্তি ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ভাবাদর্শে এবারের শোভাযাত্রা শুরু হবে বলেও জানান তিনি।
খুলনা থেকে আগত একজন মাছ ব্যবসায়ী জানান, ‘বর্তমানে মিয়ানমার ও ভারতের অন্ধ্রপ্রদেশ থেকেও মাছ আমদানি করা হচ্ছে। দেশে অন্তত ৬ জাতের ইলিশ বাজারে কিনতে পাওয়া যায়। এর মধ্যে এক ধরণের ইলিশ আসে মিয়ানমার থেকে। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা চড়া দামে এসময় এগুলো বিক্রি করে। আর তাই শুধু ইলিশের উপর হুমড়ি না খেয়ে অন্যান্য দেশিয় মাছের দিকেও নজর দেয়ার আহ্বান জানান তিনি।
IMG1
বৈঠকে আশরাফুর রহমান ফারুক (স্বত্বাধিকারী, নিপুণ), খালিদ মাহমুদ খান (স্বত্বাধিকারী, কে ক্রাফট), সৌমিক দাস (সিইও, রঙ বাংলাদেশ) আজহারুল হক আজাদ (ব্যবস্থাপনা পরিচালক, সাদাকালো), মনিরা এমদাদ (স্বত্বাধিকারী, টাঙ্গাইল শাড়ি কুটির), শৈবাল সাহা (সম্পাদক, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ), গোলাম কবির (স্বত্বাধিকারী, বাংলার মেলা), বাহার রহমান (স্বত্বাধিকারী, নিত্য উপহার), তাপসী সাহা (চিফ ডিজাইনার ও ডিরেক্টর, তারা মার্কা), তনজিমা শারমিন মিউনি (সিইও, হেয়ারোবিক্স), রবিউল ইসলাম (সহকারী প্রফেসর, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অনিমেষ সরকার (জিএম, আলাউদ্দিন সুইটমিট, ঢাকা)’সহ মোল্লা সামছুর রহমান শাহিন (স্বত্বাধিকারী, প্রগতি একুয়াকালচার, খুলনা) উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সেতু
