আগামী ৫ মে অনুষ্ঠিতব্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জাহাঙ্গীর আহমেদ। গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তার এ ঘোষণার পর মেয়র পদে একমাত্র প্রার্থী হিসেবে থেকে গেলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এখন নির্বাচিত হওয়ার পথে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আহমেদ বলেন, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সুসর্ম্পক আছে। এর আগে বেগম রওশন এরশাদ ময়মনসিংহ সদর আসনে এমপি পদে নির্বাচন করলে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমও বেগম রওশন এরশাদের পক্ষে সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেন। তাই তারাও সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে কোনো প্রার্থী দিচ্ছেন না। বেগম রওশন এরশাদের সাথে আলোচনা করেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আবু মুছা সরকার, স্বপন মন্ডল, বিশ্বনাথ ভাদুরী। তবে মনোনয়নপত্র বাছাইয়ের পর শেষের ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আপিলেও তাদের মনোনয়নপত্র বৈধ হয়নি।
তাই শেষ পর্যন্ত মেয়র পদে মাত্র ২ জন প্রার্থী ঠিকে থাকেন। জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ এখন মনোনয়নপত্র প্রত্যাহার করায় মেয়র পদে একমাত্র প্রার্থী হলেন ইকরামুল হক টিটু। তাই প্রথম বারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
