কয়েলের আগুনে একই পরিবারের দগ্ধ ৩

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২৩:০২
ফতুল্লার একটি বাসায় মশার কয়েলের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার পূর্ব সস্তাপুরে রাজন পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
 
দগ্ধরা হলেন, শাহাদাৎ হোসেন সাবু (২৮) তার স্ত্রী রূপালী (২২) ও তাদের ছেলে রিফাত হোসেন (০২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে স্থানীয়রা। শাহাদাৎ হোসেন সাবুর ভাগিনা আরিফুল ইসলাম বাবু জানান, ভোরে মশার কয়েল থেকে আগুন ধরে মশারি ও আসবাবপত্রে আগুন ধরে যায়। তখন তারা ঘুমিয়ে ছিলেন। এতে পরিবারের তিনজনই দগ্ধ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন আগুন নিভিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, ভোরে দোতলা বাড়ির একতলার ভাড়াটে শাহাদাৎ হোসেনের ফ্ল্যাটে মশার কয়েল থেকে আসবাবপত্র ও মশারিতে আগুন লেগে যায়। তখন বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। ফলে বের হতে না পেরে তিনজনই দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
 
ইত্তেফাক/আরকেজি