নুসরাত হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় হিউম্যান রাইটস ওয়াচ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:৫০

ইত্তেফাক রিপোর্ট

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলী বলেছেন, সাহসী এই মেয়েটিকে ভয়াবহভাবে হত্যা করা হয়েছে যে ন্যায়বিচার চেয়েছিলো। যৌন নির্যাতনের শিকারদের বিষয়ে বাংলাদেশ সরকার কতটা ব্যর্থ এর মাধ্যমে তা ফুটে উঠেছে। গতকাল মঙ্গলবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নুসরাত জাহান রাফিকে (১৮) গত ৬ এপ্রিল ফেনীর একটি মাদ্রাসায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ছাদে নিয়ে যাওয়া হয়। এরপর কমপক্ষে চারজন তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ২৭ মার্চ তিনি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। ওই মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোর পর তার ওপর এই হামলা চালানো হয়। এতে নুসরাতের শরীরের শতকরা ৮০ ভাগ অংশ পুড়ে যায় এবং ১০ এপ্রিল মারা যান। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। যৌন নির্যাতন ইস্যুতে বাংলাদেশের আইন সংস্কার ও প্রয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মিনাক্ষী গাঙ্গুলী বলেন, নুসরাতের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা উচিত সরকারের। একই সঙ্গে যৌন হয়রানির শিকারদের রক্ষায় জরুরিভিত্তিতে আইনি সুরক্ষার পদক্ষেপ নেওয়া উচিত।