আরও ১১ রোহিঙ্গার অনুপ্রবেশ, দুই দালালের ৩ মাসের কারাদণ্ড

আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৭:১২
কক্সবাজারের টেকনাফে গত বৃহস্পতিবার আরও ১১ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। রাত ৮টা থেকে সাড়ে ১০টার সময় এসব রোহিঙ্গা নাফ নদীর বড়ইতলী পয়েন্ট দিয়ে ঢুকে পড়ে। আর মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে র‌্যাবের সহায়তায় ২ পাচারকারী দালালকে ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় এদের আটক করে র‌্যাব-৭ এর সদস্যরা। আটকৃতরা হলো- টেকনাফের নাইটংপাড়া এলাকার সৈয়দ মাস্টারের পুত্র জামাল হোসেন (৩৫) এবং টেকনাফের বড়ইতলীর মো. শফিক এর পুত্র মো. সৈয়দ (৩২)।
 
এ ব্যাপারে কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, টেকনাফের বড়ইতলী এলাকার নাফ নদীতে রোহিঙ্গা পাচারকারী দলের সদস্যরা নৌকাযোগে ১১ জন মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার সহায়তায় উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দালালকে আটক করা হয়। 
 
তিনি আরও জানান, অভিযানে আটককৃত ১১ মিয়ানমারের নাগরিকদের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়। পরে আটক দুই দালালকে সংশ্লিষ্ঠ ধারায় ৩ মাসের সাজা প্রদান করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। 
 
ইত্তেফাক/এমআই