খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায় সরকারের : মওদুদ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৫:৩৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হলে তার দায় বর্তমান সরকারকেই নিতে হবে। তার স্বাস্থ্যের অবনতি হলে দেশের মানুষ এ সরকারকে কখনো ক্ষমা করবে না। তাদের কঠোর জবাব দেবে। 
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সভায় তিনি এ সব কথা বলেন। 
 
মওদুদ আহমদ বলেন, সরকার গঠিত মেডিকেল বোর্ড’ লোক দেখানো। এসব সরকারের দুরভিসন্ধি ছাড়া আর কিছু নয়। আমাদের নতুন জেলকোডে আছে, কেউ অসুস্থ থাকলে তাকে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে সেবা দিতে হবে। কিন্তু বর্তমান সরকার খালেদা জিয়ার বেলায় সেটা মানছে না। তারা বলছে, মেডিকেল বোর্ড গঠন করেছে। কিন্তু হঠাৎ করে নতুন একজন ডাক্তার তাকে কী চিকিৎসা দেবেন। তিনি তো খালেদা জিয়ার আগের সমস্যাগুলো জানেন না। 
 
সরকার বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় সব করবে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ বক্তব্যের প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, খালেদা জিয়া যাদের দিয়ে গত ২০ বছর চিকিৎসা করিয়েছেন, তাদের দিয়ে চিকিৎসা করার সুযোগ দিন। তাহলে বুঝব আপনাদের কথায় ও কাজে মিল আছে। 
 
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আসলে খালেদা জিয়াকে মানসিকভাবে নির্যাতন করতে নির্জন কারাগারে পাঠিয়েছে সরকার। যখন একজন মানুষকে নির্জন কোথাও রাখা হয় তার মানসিক অবস্থা কী হয়, সবাই জানে। খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত, কিন্তু তারপরও তার বয়স ৭৩ বছর সেটা মনে রাখতে হবে। 
 
ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা আইনি লড়াই করবো, সঙ্গে সঙ্গে রাজপথেও থাকবো। আইনি লড়াইয়ের সীমাবদ্ধতা আছে, কিন্তু জনতার আন্দোলনের কোনো সীমাবদ্ধতা নাই। সে জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সময় একদিকে আছে, অন্য দিকে বলতে হয় সময় অনেক কম। সরকারের সময় যেমন কম আমাদের সময়ও কম। সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তবে এই আন্দোলন হঠাৎ করে কঠোর আন্দোলন দেয়া যায় না। 
 
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রানার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাবেক সাংসদ রেহানা আক্তার রানু প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি