৬ এপ্রিল শুক্রবার কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের ৮৭তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ভক্তরা। সুচিত্রা সেন নেই, কিন্তু তার অভিনয়ের সম্মোহনী শক্তি তাকে অমর করে রেখেছে ভক্তকুলের হৃদয়ে। আর এ কারণেই এই মহানায়িকার প্রতি ভালবাসার টানে প্রতিবছর তাকে স্মরণ করেন ভক্তরা।
সুচিত্রা সেনের মৃত্যুর পর নিউইয়র্কের ভক্তদের নিয়ে গঠিত হয় সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। সংস্কৃতিকর্মী গোপাল স্যানালের নেতৃত্বাধীন এই সংগঠনটি প্রতিবছর জন্মদিন উদযাপন ছাড়াও পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি দখলমুক্ত হওয়ার নেপথ্যে প্রবাস থেকে তীব্র আন্দোলনও গড়ে তুলেছিল।
শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে ৮৭তম জন্মদিন পালনের উৎসবে বিপুলসংখ্যক সুচিত্রাপ্রেমী উপস্থিত ছিলেন। কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ শাম্মু ও মুমু আনসারীর সঞ্চালনায় দিনব্যাপী জন্ম উৎসবের শুরুতে প্রদীপ জ্বেলে মহানায়িকাকে স্মরণ করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন টিভি অভিনেত্রী রেখা আহমেদ, লুৎফুন নাহার লতা ও শিরীণ বকুল।
অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। মহানায়িকার জন্ম উৎসব নিয়ে আলোচকরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, সুচিত্রা সেন একজন কিংবদন্তী অভিনেত্রীর নাম। তার অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে এক গৌরবোজ্জ্বল পরিচয়। তিনি ছিলেন চলচ্চিত্র শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। তার অমলিন স্মৃতির জন্য বাংলাদেশসহ প্রবাসে যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শিত হয় অনুষ্ঠানে।
ইত্তেফাক/এসএস
