‘তুমি হারাও না যে’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১২:০৮
 
মনমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে স্মরণ করা হলো মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে যুক্ত’র প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রবাহমান। অনুষ্ঠানে মহান এই শিল্পীর প্রিয় গান, কবিতা ও নাটকের প্রদর্শনী করা হয়। তার স্মরণে স্মৃতিচারণ করেন বন্ধু ও সহকর্মীরা।
 
‘ফেরদৌসী প্রিয়ভাষিণীকে ভালোবাসা ও অঞ্জলি’ অনুষ্ঠানের শুরুতেই পরিবেশন করা হয় তার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘‘ফিনিক্স’’। এটির রচনা ও পরিচালনা করেছেন যুক্ত’র স্বত্তাধিকারী নিশাত জাহান রানা।
 
IMG0
 
ফেরদৌসী প্রিয়ভাষিণীর জীবনী দ্বারা প্রভাবিত মঞ্চ নাটক ‘যমুনা’র অংশ বিশেষ পরিবেশন করেন সেলিনা শেলি ও তাঁর দল। প্রিয়ভাষিণীর পছন্দের আবৃত্তিকার জয়ন্ত কুমার রায় অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি কবিতা আবৃত্তি করেন। পছন্দের শিল্পী ও দীর্ঘদিনের বন্ধু রবীন্দ্র সংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ান তাঁর পছন্দের তিনটি গান পরিবেশন করেন। এছাড়াও তিনটি করে গান পরিবেশন করেন রবীন্দ্র সংগীত শিল্পী সালমা আকবর, সাজিদ আকবর ও শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।
 
IMG1
 
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে মাঝে চলে স্মৃতিচারণ। এতে অংশ নেন ফেরদৌসী প্রিয়ভাষিণীর বন্ধু নিশাত জাহান রানা ও তার অগ্রজ বন্ধু সাংবাদিক শাহেদ কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম।
 
IMG2

সবশেষে ফেরদৌসী প্রিয়ভাষিণীর পছন্দের গান ‘আগুনের পরশমনি’ গেয়ে ৭১টি মোমবাতি প্রজ্জ্বালন করে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপস্থিত বাবা-মা তাদের সন্তানকে দিয়ে প্রদীপ জ্বালান। উপস্থিত সকলেই অভিনব এই স্মরণোত্সবের প্রশংসা করেন। বক্তাদের সবার কণ্ঠে ছিলো একই সুর, ‘‘অশুভশক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ফেরদোসী প্রিয়ভাষিণীর যে চেতনা সেটা যেন সমুজ্জল থাকে।’’