দুইদিনের সফরে বাংলাদেশে আসা ফিলিস্তিনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। পাঁচ সদস্যের এ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন— প্যালেস্টিনিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (পিকা) মহাপরিচালক ইমাদ এম এম জুহাইরি, পিকার বাংলাদেশ বিষয়ক প্রধান ইহসান এস কে আবুল রব, কৃষি বিশেষজ্ঞ ইমাদ কে এন ঘানামেহ, কৃষি বিশেষজ্ঞ আলী এ এ আলকাম এবং ঢাকার ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি নূর এইচ ও আলাইদি। প্রতিনিধি দলটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরের সামনে এসে পৌঁছলে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। পরে তিনি স্বাগত বক্তব্য রাখেন এবং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। অপরদিকে ফিলিস্তিনের কৃষির বিভিন্ন দিক তুলে ধরেন পিকার মহাপরিচালক ইমাদ এম এম জুহাইরি।
