গৌরনদীতে নির্বাহী অফিসারের দপ্তরসহ ৪টি অফিসে চুরি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৭:২৫
বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরসহ উপজেলা পরিষদের ৪টি অফিসে শুক্রবার রাতে চুরি হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন নিজে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত ৩ জন নৈশ প্রহরীকে আটক করেছে।
 
জানা গেছে, উপজেলা পরিষদ ভবনের দোতালায় অবস্থিত উপজেলা নির্বাহী অফিসারের প্রধান সহকারীর অফিস, পিআইও অফিস, এলজিইডি অফিস ও ওই অফিসের (এলজিইডি অফিস) হিসাব রক্ষণ কর্মকর্তার অফিস, নিচ তলার একাউন্টস অফিসের অডিটরদের কক্ষের দরজার তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে। তারা নির্বাহী অফিসারের প্রধান সহকারীর অফিসের আলমারি ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৮ হাজার টাকা, একাউন্টস অফিস থেকে দেড় হাজার হাতিয়ে নেয় এবং সব কয়টি অফিসের মূল্যবান কাগজপত্র তছনছ করে। খবর পেয়ে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত ইন্সপেক্টর মো. আফজাল হোসেন, এসআই মুজাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
শনিবার সকালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এলজিইডি অফিসের নৈশ প্রহরী হাসানাত হাওলাদার, কৃষি অফিসের মিজানুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসের খন্দকারকে আটক করেছে। উল্লেখ্য, এ ঘটনার মাস খানেক আগেও গৌরনদীর পিআইও অফিসে চুরির ঘটনা ঘটেছিল। তবে এ ঘটনায় মামলা হলেও এখনও চুরির রহস্য উদঘাটন হয়নি। 
 
ইত্তেফাক/এমআই