ছোট বোনের প্রক্সি দিতে গিয়ে বড় বোন জেলে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৭:৫৪
রাজশাহীর পুঠিয়ায় ছোট বোনের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়েছেন বড় বোন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ১ বছর কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। 
 
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, দণ্ডিত ভুয়া পরীক্ষার্থী সাদিয়া আক্তার (২২) উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামের ইসাহক আলীর মেয়ে। সাদিয়া বানেশ্বর ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
 
তিনি আরও জানান, এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ১১২ নং কক্ষে নিজের ছোট বোন জেসমিন আক্তারের হয়ে অংশ নেন সাদিয়া। পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক খাতা স্বাক্ষরের সময় তাকে আটক করেন। পরে পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সাদিয়া দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান সিদ্দিকী তার ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
 
ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৩ ধারা মোতাবেক অভিযুক্ত সাদিয়া আক্তারকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান তিনি। 
 
ইত্তেফাক/এমআই