প্রতিবেশীর ঘরের আসবাবপত্র সরাতে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন চিনু রাজবংশী (২৮) নামে এক গৃহবধূ। নিহত চিনু ওই গ্রামের রবী রাজবংশীর স্ত্রী । এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে প্রতিবেশী আব্দুল বারেকের বাড়ির একটি ঘরের আসবাবপত্র সরানোর জন্য পাশের বাড়ির গৃহবধূ চিনু রাজবংশীকে ডেকে আনা হয়। এ সময় বারেকের ছেলে জাহাঙ্গীর, পুত্রবধূ মাকসুদার সঙ্গে চিনু ঘরের সুকেস সরাতে গেলে তিনজনই বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে বাড়ির অন্য সদস্যরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতে জাহাঙ্গীর ও মাকসুদা রক্ষা পেলেও শেষ পর্যন্ত চিনু মারা যান। নিহত গৃহবধূর স্বামীর অভিযোগ, দুর্ঘটনার পর ওই বাড়ির লোকজন নিজেদের দুইজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার স্ত্রী বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কোণে পড়ে থাকলেও সেদিকে তাদের খেয়াল ছিল না। দ্রুত হাসপাতালে নেওয়া গেলে হয়ত তার স্ত্রীকে বাঁচানো যেত।
