সুদানে ক্ষমতা হস্তান্তরে সেনা কাউন্সিলকে ১৫ দিন সময় দিল আফ্রিকান ইউনিয়ন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০০:৪৩

সুদানে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সামরিক কাউন্সিলকে সময়সীমা বেধে দিয়েছে আঞ্চলিক সংস্থা আফ্রিকান ইউনিয়ন। এর মধ্যে হস্তান্তর করা না হলে ইউনিয়ন থেকে সুদানের সদস্যপদ বাতিলেরও হুমকি দেয়া হয়েছে। তবে রাশিয়া সেনা কাউন্সিলকে স্বীকৃতি দিয়েছে। আর যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসীর তালিকা থেকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি বিবেচনা করছে। জার্মানি বিক্ষোভকারীদের সমর্থন করেছে। খবর আল-জাজিরা ও রয়টার্সের

গতকাল মঙ্গলবারও খার্তুমে সেনাবাহিনীর সদরদপ্তরের বাইরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের ১০তম দিনে সোমবার সুদানের পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় আফ্রিকান ইউনিয়ন। সংস্থাটির শান্তি ও নিরাপত্তা পরিষদ বিবৃতিতে জানিয়েছে, সুদানে অবশ্যই যতো দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু সেনাবাহিনী নেতৃত্বাধীন সরকার জনগনের আকাঙ্খার সম্পূর্ণ বিপরীত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সোমবার সামরিক কাউন্সিলের সদস্য জেনারেল জালাল আলদিন আলশায়েক ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদের সঙ্গে আদ্দিসআবাবায় সাক্ষাত্ করেছেন। এই প্রথম সেনা কাউন্সিলের কেউ বিদেশি কোনো প্রতিনিধির সঙ্গে সাক্ষাত্ করলেন। বৈঠকের পর জেনারেল জালাল বলেন, সরকার বিক্ষোভকারীদের অনেক দাবি মেনে নিয়েছে। আরো মানবে। তিনি জানান, বিক্ষোভকারীদের বাধা দেয়া হবে না। আর সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে বিচারের জন্য হেগে পাঠানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক সরকার।