নলছিটিতে সুগন্ধা নদী ভাঙনে বিলীন হচ্ছে সিকদার পাড়া ও পুরান বাজার এলাকা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ০২:৫৩


নলছিটি উপজেলা সদরের সুগন্ধা নদীর ভাঙনে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে নলছিটি পৌরসভার ৫নং ওয়ার্ডের সিকদার পাড়া ও পুরান বাজার এলাকা।

জানা যায়, নলছিটি উপজেলার সিকদার পাড়া ও পুরান বাজার এলাকা ইতোমধ্যে অর্ধেকেরও বেশি নদীগর্ভে বিলীন হয়েছে। যার ফলে অনেক পরিবার সহায়সম্বল হারিয়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন। আবার অনেকেই সব হারিয়ে নিঃস্ব হয়ে জীবনযাপন করছেন। তবে যারা নদীর পাড়ে বসবাস করছেন তারা ভাঙনের আতঙ্কে ভুগছেন। নলছিটি থেকে দপদপিয়া সড়কের মল্লিকপুর ও খোঁজাখালী এলাকা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে।

আগামী বর্ষা মৌসুমের আগে নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নলছিটি উপজেলা সদরের সঙ্গে যে কোনো মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে নলছিটিবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হবে। যদিও এই ভাঙন প্রতিরোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিলো, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

স্থানীয় কাউন্সিলর নূরুল ইসলাম স্বপন জানান, আগামী বর্ষা আসার আগে যদি কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় তাহলে অবশিষ্ট এলাকা আর ভাঙন থেকে রেহাই পাবে না। সুগন্ধা নদীভাঙনে সিকদার পাড়ার ঐতিহ্যবাহী কাজী বাড়ির মসজিদটি যে কোনো মুহূর্তে বিলীন হতে পারে। স্থানীয় পর্যায়ে মসজিদটি রক্ষার পদক্ষেপ নেওয়া হলেও তারা পুরোপুরি সফল হতে পারছেন না।

এ ব্যাপারে নলছিটি পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন আলো জানান, শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমুর হস্তক্ষেপে কিছু এলাকায় ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হলেও অন্য জায়গাগুলোতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তা নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি এ ব্যাপারে পুনরায় শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ইত্তেফাক/নূহু