বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলে যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। বিষয়টি একান্ত ব্যক্তিগত ও তার পরিবারের। প্যারোলে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার যে সব খবর সংবাদপত্র প্রকাশ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যারা বেগম জিয়ার প্যারোলে মুক্তি ও চিকিত্সা নিয়ে অনুমাননির্ভর সংবাদ পরিবেশন করছেন তারা দেশবাসীকে ভুল তথ্য দিচ্ছেন। কেননা আমরা পহেলা বৈশাখের দিনে হাসপাতালে গিয়ে দেখা করেছি। বেগম জিয়া আমাদের স্পষ্টতই বলেছেন, তিনি প্যারোলে মুক্তি নিয়ে চিকিত্সা নেবেন না।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন পিজি হাসপাতালে চিকিত্সাধীন। প্যারোলে চিকিত্সার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত তিনি দেননি। একটি ইংরেজি দৈনিকে দিন, তারিখ ও সময় পর্যন্ত দেওয়া হয়েছে, কবে প্যরোলে যাচ্ছেন তিনি! কোন দেশে যাচ্ছেন। এটা আনফেয়ার। আমি এই হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানাচ্ছি।
গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজ চাপে আছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, শাসক গোষ্ঠীর ফরমায়েশে একটি শ্রেণি গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। দেশে এমন একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে করে অনেক জনপ্রিয় লোক টকশোতে আসছেন না। যারা গণমাধ্যমে কাজ করেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পর তাদের অনেকের চাকরি চলে গেছে।
ডিইউজে’র একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম। সাংবাদিক নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, এম আব্দুল্লাহ, আব্দুল আজীজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, মুন্সী আব্দুল মান্নান,শহীদুল ইসলাম প্রমুখ।
