১৮০ দিনে বিচার শেষ করতে না পারা

ফেনীর নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক, পিপি ও তদন্ত কর্মকর্তাকে শোকজ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০০:৫৮

এক নারী হত্যা মামলার বিচার ১৮০ কার্যদিবসে শেষ করতে না পারার ব্যাখ্যা না দেওয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পিপি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করেছে হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিল তাদের ওই শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

স্ত্রী রেহেনা আক্তারকে হত্যার দায়ে স্বামী মূর্তজা ওরফে মিন্টুকে আসামি করে ২০১৬ সালের ২৪ এপ্রিল মামলা করা হয়। ওই মামলায় ওইদিনই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ৩০ জুন এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিল ও অভিযোগ গঠনের পর আজ পর্যন্ত মামলাটির বিচার শেষ করতে পারেনি ট্রাইব্যুনাল। এ কারণে হাইকোর্টে মিন্টুর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. শহীদুল ইসলাম। এ সময় রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন।