সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারা দেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের ন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। শিক্ষার্থীরা আজ সোমবার ক্লাস বর্জন করেছে। অনেক বিভাগের পরীক্ষাও হয়নি।
এ দিকে কোটা পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে শাবি ছাত্রলীগ। তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিচ্ছে। এই পরিস্থিতিতে শাবিতে উত্তেজনা বিরাজ করেছে। শাবি গেটে পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে আজ সোমবার ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের অনুমতি চাওয়া হলে অনুমতি দেয়নি শাবি প্রশাসন। এ বিষয়ে ক্যাম্পাসে কোন ধরণের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের অনুমতি দিবেন না বলে জানান শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমদ।
রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় দিনব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেয় শাবির কোটা সংস্কার আহ্বায়ক কমিটি। এ প্রেক্ষিতে সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরবর্তীতে পৌনে ৮টার দিকে শাবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রধান ফটকে এসে তাদেরকে গেট অবরোধ না করার অনুরোধ করে। পরে শিক্ষার্থীরা গেটের পাশেই অবস্থান নেয়। পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তারা। কোন ধরণের বৈষম্যের সাথে আপোষ করবে না তারা।
শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, অহিংস আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার এই দেশে সকলেরই রয়েছে। আমরা তাদেরকে বলেছি আপনারা অহিংস আন্দোলন করতে পারেন তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ করে নয়। কিন্তু ইমরান খানের উপর অভিযোগ উঠেছে আন্দোলনকে বানচাল করতে তিনি মাঠে তৎপর।
এদিকে শাহপরাণ হল থেকে আন্দোলনে আসার সময় শাবি ও সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. নাসির উদ্দিনের ফোন কেঁড়ে নিয়ে হলে দেড় ঘণ্টা আটকিয়ে রাখে শাখা ছাত্রলীগ। এমন নেক্কারজনক ঘটনা ইমরান খানের উপস্থিতিতে ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠে। পরে তা জানা জানি হলে তার ফোন দিয়ে দেওয়া হয়।
সমন্বয়ক মো. নাসির উদ্দিন জানান, হল থেকে আসার সময় মোবাইল ফোন কেঁড়ে নিয়ে তাকে শাহপরাণ হলের গেস্ট রুমে দেড় ঘণ্টা আটকিয়ে রাখা হয়। তিনি বলেন, 'কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।' শাবি থেকে সংবাদদাতা জানান, শিক্ষার্থীরা আতঙ্কে আছে। কখন কি হয়। অনেকেই আবার অঘটনের শঙ্কায় ক্যাম্পাসে আসেনি। গেইটে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘিরে রেখেছে শাবি ছাত্রলীগ নেতা কর্মীরা। পাশে পুলিশও রয়েছে।
ইত্তেফাক/এসএস
