সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান করা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন ও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে। এসময় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ থেকে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। পরে তারা সেখানে মানববন্ধন করে বিক্ষোভ মিছিল সহকারে জিরো পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের দিকে যেতে চাইলে পুলিশ প্রধান ফটক আটকে দিয়ে। এসময় আন্দোলনকারীরা জিরো পয়েন্টে আধা ঘণ্টা অবস্থান করে।
এর আগে সকালে আন্দোলনকারীরা অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে। অন্যদিকে শহরে আন্দোলনকারীদের একটা অংশ ষোলশহর রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ১০টার ট্রেন আটকে দেয়। ফলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ষোলশহর স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক মো. আরজু বলেন, লেডিস হলের শিক্ষার্থীসহ বিভিন্ন হল ও অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ও ষোলশহর স্টেশনে অবস্থান করছি। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আমাদের দাবি না মানলে আমরা অহিংস কঠোর আন্দোলনে যাব।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, কোটা সংস্কারের পক্ষে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে মিছিল ও মানববন্ধন করেছে। কোথাও কোন সহিংসতা হয়নি।
ইত্তেফাক/আরকেজি
