কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই বিভাগের দুই ছাত্রী। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরবার লিখিত অভিযোগ দেন ঐ দুই ছাত্রী। অভিযুক্ত ঐ শিক্ষক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এবং একটি আবাসিক হলের প্রাধ্যক্ষ।
জানা যায়, অভিযুক্ত শিক্ষক বিভাগের সান্ধ্যকালীন (ইএমবিএ) কোর্সের দুই ছাত্রীকে বেশ কয়েকদিন ধরেই আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন। এছাড়া তিনি নিজের আপত্তিকর ছবি এক ছাত্রীর ফেসবুক মেসেঞ্জারে পাঠাতেন। বিষয়টি নিয়ে রবিবার রাতে বিভাগের সভাপতির কাছে মৌখিক অভিযোগের পরে সোমবার রেজিস্ট্রারের বরাবর ঐ শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ভূক্তভোগী দুই ছাত্রী।
অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি তো জানি না তারা কি লিখিত দিয়েছে। আমাদের মধ্যে একটি ভুল বুঝাবুঝি হয়েছে যা রবিবার বিভাগে আলোচনা করে সুরাহা করা হয়েছে।’
এ বিষয়ে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেছেন, ‘এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দুই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছেন।’
ইত্তেফাক/আরকেজি
