শিক্ষার্থীদের ওপর হামলায় জাবি শিক্ষক সমিতির নিন্দা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২১:৩২
কোটা সংস্কার আন্দোলন-এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল আলম ও সম্পাদক অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। 
 
বিবৃতিতে বলা হয়, ৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জল কামান নিয়ে হামলা চালায়। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। আহত শিক্ষার্থীদের ৪০ জন সাভার এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহনের উদ্যোগ গ্রহণ করেছে। 
 
হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করছে। শিক্ষক সমিতি মনে এই কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সমিতি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে। 
 
ইত্তেফাক/কেআই