বাকৃবিতে রেল লাইন অবরোধ, শিক্ষক সমিতির একাত্মতা

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৫:২৭
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার, সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে এক ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে সারাদেশের মতো আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
 
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে জমায়েত হতে থাকে। এরপর সকাল ১০টার দিকে শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।
 
এরপর শিক্ষার্থীরা মুক্তমঞ্চের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে রেল লাইন অবরোধের সিদ্ধান্ত হলে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন গিয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন।
 
তিনি শিক্ষার্থীদের জনদূর্ভোগ বাড়ে এমন কোন কাজ না করে অহিংস আন্দোলন করার কথা বলেন এবং রেল লাইন অবরোধ করলে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে থাকবেন না বলে জানান।
 
বিক্ষোভ শেষে বেলা সাড়ে ১২ টার দিকে প্রক্টরের কথা অমান্য করেই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢাকা-ময়মনসিংহ রেল পথ অবরোধ করেন। এ সময় সেখানে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস মাহফুজুল বারি এসে শিক্ষার্থীদের এই দাবি এবং আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
IMG0
পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক রেল লাইন ছেড়ে অহিংস আন্দোলনে যাওয়ার কথা বললেও আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রেল লাইন অবরোধ ছাড়বেন না বলে জানিয়ে দেয়।
 
ইত্তেফাক/এসএস