কুষ্টিয়ায় হত্যা মামলায় নুর আলম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। নুর আলম মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদি গ্রামের মৃত আবুল হাছেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় ফল ব্যবসায়ী রবিউল ইসলামের লাশ তার ফলের দোকানের পেছনে থাকা একটি ড্রামের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর আলমকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: থেমে গেল রোনালদোর চ্যাম্পিয়নস লিগ যাত্রা, স্বপ্নভঙ্গ জুভেন্টাসের
হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও আসামি নূর আলম সম্পর্কে খালাতো ভাই। তারা চৌড়হাঁস মোড় এলাকায় মামা ভাগ্নে নামে একটি ফলের দোকানে ব্যবসা করতো। মামলায় টিপু মণ্ডল নামে অপর একজন আসামীকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
ইত্তেফাক/এমআরএম
