রাজধানীর ফার্মগেটে বাসস্টপেজে বাসচাপায় এক নারীর ডান পা থেঁতলে গেছে। বুধবার সকাল ৯টার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত নারীর নাম রুনি আক্তার (২৮)। তিনি র্যাংগস প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। পথচারীরা তাকে উদ্ধার করে জাতীয় অর্থপেডিকস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করেছে। তার ডান হাঁটুর ওপরের মাংস ছিড়ে গেছে। হাসপাতালে আনার পর দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে রুনিকে। ডান পা রাখা যাবে কি না, এ ব্যাপারে চিকিৎসকেরা পরে সিদ্ধান্ত জানাবেন।
ঘটনার বর্ণনা দিয়ে একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, গুলিস্তান বা মতিঝিল থেকে ছেড়ে আসা সকল বাসকে যাত্রী নিতে হলে নিয়ম অনুযায়ী আনন্দ সিনেমা হলের সামনে বাসস্টপেজে প্রবেশ করতে হয়। বাসস্টপেজে দুইটি লেন করা আছে। লেন দুইটির মাঝখানে উঁচু সড়ক বিভাজক। ওই নারী প্রথম লেনের ফুটপাত থেকে নেমে সড়ক বিভাজক পাড় হচ্ছিলেন। এ সময় গুলিস্তানের দিক থেকে আসা চিড়িয়াখানাগামী নিউ ভিশন পরিবহনের বাসটি কাজী নজরুল ইসলাম এভিনিউ থেকে বাস দিকে বাঁক নিয়ে দ্রুত গতিতে বাসস্টপেজের প্রথম লেনে প্রবেশ করতে থাকে। বাসটি সড়ক বিভাজক ঘেঁষে যাওয়ার সময় ওই নারীও বিভাজক অতিক্রম করছিলেন। এতে বাস ও সড়ক বিভাজকের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। তার ডান পায়ের হাঁটু সংলগ্ন অংশ থেঁতলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে আনন্দ সিনেমা হলের ফুটপাতে নিয়ে আসে। জনতা বাসের চালক মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরে বাসটিও আটক করে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, চালক ও বাস আটক করা হয়েছে। আহতের পরিবারকে মামলা দায়েরের অনুরোধ করা হয়েছে। মামলা দায়ের হলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া যাবে।
রুনি আক্তারের সহকর্মী আহমেদ আলী বলেন, রুনি মাস্টার্স সম্পন্ন করে এমবিএ করেছেন। এরপর র্যাংগস প্রপার্টিজে চাকরি করছিলেন। বুধবার সকালে বিজয় সরণীর র্যাংগস প্রপার্টিজের অফিসের যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
এদিকে, দুই বাসের চাপায় ডান হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে, দুই বাসের চাপায় পড়ে মেরুদণ্ড ভেঙেছে আয়েশা খাতুনের। সড়ক দুর্ঘটনার আহত এ দুজনের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। বুধবার সংশ্লিষ্ট চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
