চারজন পিওনের ভূয়া নিয়োগ দেখিয়ে তাদের বেতনের টাকা আত্মসাৎ করার অভিযোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদি হয়ে রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১২।
দুদক সূত্র জানায়, প্রকৌশলী কে এম হুমায়ুন কবির এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক অনুসন্ধান করে অভিযোগের প্রমাণ পায়। এরপর কমিশন মামলা দায়েরের অনুমতি দিলে বুধবার মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে ৭ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে।
মামলার এজহারে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম হুমায়ুন কবির ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ (সিডিআরএসবি) প্রকল্পের প্রকল্প পরিচালক। ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) আইডব্লিউএম এর সাথে সম্পাদিত চুক্তির আলোকে কনসাল্টেন্সি কাজের জন্য তিনি অস্থায়ী ভিত্তিতে চারজন পিওনের নিয়োগ দেয়ার অনুমতি পান। এর ধারাবাহিকতায় জানুয়ারি/২০১৫ থেকে জুন/২০১৬ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে চারজন গার্ড/পিয়ন নিয়োগ না দিয়ে ভুয়া নিয়োগ পত্র দেখিয়ে তাদের বেতন-ভাতা তৈরি করে তা আত্মসাৎ করেন। তার আত্মসাৎকৃত টাকার পরিমাণ ৭,২০,০০০ টাকা। তিনি অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে চারজন গার্ড/পিয়ন নিয়োগ না দিয়ে ভুয়া নিয়োগ পত্র দেখিয়ে তাদের বেতন-ভাতা তৈরি করে তা আত্মসাৎ করায় দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
ইত্তেফাক/ইউবি
