আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন নিয়ে কোন ফর্মুলা না দিয়ে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি এও বলেছেন নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।
তিনি বুধবার তার নির্বাচনী এলাকা কাজীপুরে বিভিন্নস্থানে গণসংযোগ ও নির্মাণাধীন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে একথা বলেছেন।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, কোন দল যদি এ নির্বাচনে অংশগ্রহণ না করে, তবে সে দলের রাজনৈতিক অস্তিত্ব চিরকালের জন্য বিলীন হয়ে যাবে। বাংলার জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখান করবে বলেও তিনি মন্তব্য করেছেন।
তিনি দুপুরে বাসা থেকে বেরিয়ে প্রথমেই যান দলীয় কার্যালয়ে। এর পর মেঘাই বাজার, সোনামুখী বাজার এবং একডালা মহিষামুড়া গোলচত্বরে গণসংযোগ করেন। তিনি সোনামুখী শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নাধীন মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল এবং এফডব্লিউভিটিআই প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, নির্বাহী প্রকৌশলী জাকির হোসাইন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌর সভার সাবেক মেয়র জিএম তালুকদার মধু বর্তমান মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
