জবির এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে ২০ ফুট কাঁঠাল

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৮:০৪
ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলা নববর্ষ-১৪২৫ বরণ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
 
জবির এবারের প্রস্তুতিতে রয়েছে শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ২০ ফুট দৈর্ঘ্য কাঁঠালের প্রতিকৃতি। তাছাড়া- শেয়াল, কাঠবিড়ালীসহ রয়েছে দেশীয় ফল আতা, তাল, কামরাঙ্গার প্রতিকৃতি। মঙ্গল শোভাযাত্রায় সকলের হাতে হাতে থাকবে বাঘ ও পেঁচার মুখোশ।
 
জবির এই শোভাযাত্রাটি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরনো ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।
 
শোভাযাত্রা শেষে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- নৃত্য ও সংগীত, কমলা রানীর সাগর দীঘির পালাগান অবলম্বনে কিচ্ছাপালা।
IMG0
এছাড়া পহেলা বৈশাখের দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আইইআর প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করা হবে। মেলায় মিষ্টান্ন ও দধি, দেশীয় ফলসহ বিভিন্ন খাবারের স্টল, মাটির তৈরি তৈজসপত্র ও খেলনার স্টল স্থান পাবে। মেলায় আরও স্থান পাবে ঐতিহ্যবাহী নাগর দোলা, চকড়িসহ শিশুদের বিনোদনের নানা উপকরণ।
 
ইত্তেফাক/এসএস