‘শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধন সেপ্টেম্বরে’

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২১:১৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সেপ্টেম্বর মাসের যে কোন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। 
 
শুক্রবার বেলা ১২টার দিকে চানখারপুলে এই ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা অগ্নিদগ্ধ হয় বা দুর্ঘটনার স্বীকার হয়, তাদের জন্যেই তৈরি হচ্ছে বিশ্বের অত্যাধুনিক ও সর্ববৃহৎ ৫০০ শয্যা বিশিস্ট এই বার্ন ইনস্টিটিউট। 
 
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেই তৈরি হবে চিকিৎসক ও নার্স। এখান থেকেই চিকিৎসার মাধ্যমে বিকৃত চেহারা সুন্দর চেহারায় ফিরে আনতে হবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও প্রচেষ্টায় আজ এটা সম্ভব হয়েছে। এখানে আমরা ভাগ্যহত মানুষকে চিকিৎসা দিতে পারব। পুর্নবাসন করতে পারব।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রতিটি পদক্ষেপে ভুল করছে। রাজনৈতিক ক্ষেত্রে তারা পরাজিত হচ্ছে। বিএনপি এই কোটার আন্দোলনের মধ্য দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, কিন্তু পারেনি দেখে  উল্টোপাল্টা কথা বলছে। বিশ্ববিদ্যালয়ে বহিরাগত অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, এটা ছাত্রলীগের দেখা দরকার।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই