ভুয়া প্রশ্নপত্র প্রস্তুতকারী ৫ প্রতারক গ্রেফতার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২১:২৬
রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র প্রস্তুতকারী প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব)।
 
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাজধানীর বনশ্রী, মিরপুর  থেকে  র‌্যাব-১১ চারজনকে ও মাগুরা জেলার দূর্গাপুর থেকে র‌্যাব-৬  এক প্রতারককে গ্রেফতার করে।
 
র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বনশ্রীর একটি ফ্ল্যাট থেকে তিন সহোদর ভাই ইয়াসির আরাফাত, জুবায়ের আহমেদ ও রমজান আলী টিটোকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির কাজে ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন, কয়েকটি ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস (যন্ত্র) উদ্ধার করা হয়। পরে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে মিরপুরের একটি বাসা থেকে মাহমুদ হাসান প্রচ্ছদ ওরফে পারফেক্ট নামে প্রতারক চক্রের অপর সদস্যকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও বিপুল পরিমাণ প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি