হেফাজতে ইসলাম নেতারা বলেছেন, মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের সংস্কৃতি নয়। এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। বর্তমান সরকার যদি মঙ্গল শোভাযাত্রাকে মুসলামানদের ওপর চাপিয়ে দেয়, কওমি মাদ্রাসাগুলো রাস্তায় নামতে বাধ্য হবে।
গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন। হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাসেমী, ঢাকা মহানগরের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। সংগঠনের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস মুহাম্মদ জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে একই কথা বলেছেন।
এ দিকে বাংলা নববর্ষ উপলক্ষে আজ দেশের সব মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এক আদেশের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দেশের সব স্কুল-কলেজেও মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
ইত্তেফাক/মোস্তাফিজ
