নদী দখলমুক্ত রাখতে হটলাইন চালুর দাবি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৭:১২
রংপুরের রিভারাইন পিপল শাখার উদ্যোগে সোমবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত সেমিনারে নদী বিষয়ক যেকোন সমস্যা ও তথ্য তাৎক্ষণিকভাবে জাতীয় নদী রক্ষা কমিশনের কাছে পৌঁছে দিতে হটলাইন চালুর দাবি জানানো হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ এ দাবি জানান।
 
আব্দুল ওয়াদুদ বলেন, “সারাদেশে বিভিন্নভাবে নদীদূষণ ও দখল করা হচ্ছে যেগুলো সবসময় গণমাধ্যমেও আসে না। এক্ষেত্রে জাতীয় নদী রক্ষা কমিশন যদি একটি হটলাইন চালু করে তাহলে যেকোন সময় নদী বিষয়ক যেকোন সমস্যার কথা মানুষ এই মাধ্যমে কমিশনকে জানাতে পারবে।”
 
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে “নদী রক্ষায় তরুণদের ভূমিকা” বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
 
সেমিনারে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দীন, ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. শিমুল মাহমুদ, ড. শফিক আশরাফ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি