ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি অভিনয় করলেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কালচারাল মামা’-তে। এই ধারাবাহিকে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন অপর্ণা ঘোষ। নাটকের গল্পে দেখা যাবে, খুব ছোটবেলায় মায়ের সঙ্গে আমেরিকা চলে যান মোশাররফ করিম। দীর্ঘ ৩৩ বছর পর দেশে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর কালচার নিয়ে ঝামেলায় পড়েন। তুই, তুমি, আপনির ব্যবহার নিয়ে বেশ বিপদেই পড়তে হয় তাকে। কার সঙ্গে কেমন আচরণ করতে হয় বুঝতে পারেন না। আমেরিকার কালচারের সঙ্গে বাংলাদেশের সবকিছু মিলাতে গিয়ে হিমশিম খেয়ে যান। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এর গল্প বেশ মজার। সব মিলিয়ে আমার অভিনয় করতে ভালো লেগেছে। আশা করি, ধারাবাহিক নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।’
