ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৯৫ হাজার ৬শ’ টাকা চুরি করে নিয়ে গেছে এক চোর। এ ছাড়া উপজেলা প্রকৌশলী, ভূমি কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারী ও টেবিলের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করা হয়। তবে এসব কার্যালয়ের কিছু চুরি যায়নি।
রবিবার দিবাগত রাত দুইটা থেকে সোয়া তিনটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের হাসান বলেন, রাত দুইটার দিকে একজন চোর তালা ভেঙ্গে উপজেলার চার কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে। এরমধ্যে ইউএনওর কার্যালয়ের আলমারী থেকে ৯৫ হাজার ৬শ’ টাকা নিয়ে যায় ওই চোর। অন্যকোন কার্যালয় থেকে কোন কিছু চুরি হয়নি। তিনি আরো জানান, উপজেলা পরিষদের তিনজন নাইটগার্ড থাকলেও তারা যে কক্ষে অবস্থান করছিল বাইরে থেকে সেই কক্ষগুলোর দরজা বন্ধ করে দেয় চোর। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার এক কর্মকর্তা বলেন, দারোয়ানরা সারারাত ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নিচ্ছে। ঠিকমত দায়িত্ব পালন করলে মাত্র একজন চোর এ ঘটনা ঘটাতে পারতো না।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন খাঁন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসি টিভির ফুটেজ থেকে চোর শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
