অনুদানের সিনেমায় তুষ্টি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:০৯

g মা হ মু দু ল  আ মি ন

 

সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি। গাজী রাকায়েতের নির্দেশনায় ‘গোর’ নামক সিনেমায় অভিনয় করলেন তিনি। এরইমধ্যে সিনেমার কাজ শেষও করেছেন তুষ্টি। আবারো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করে বেশ সন্তুষ্ট তুষ্টি। কারণ, বলা যায় ছোটবেলাতেই তিনি প্রথম সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছিলেন। গোলাম রব্বানী বিপ্লবের নির্দেশনায় তুষ্টি প্রথম সরকারি অনুদানের সিনেমা ‘স্বপ্নডানায়’-এ অভিনয় করেছিলেন। এরপর আর কোনো অনুদানের সিনেমায় অভিনয় করেননি। ‘গোর’ সিনেমায় তুষ্টি গাজী রাকায়েতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তুষ্টি বলেন, ‘এই সিনেমায় আমাদের প্রত্যেক অভিনয়শিল্পীকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংলাপ বলে বলে অভিনয় করতে হয়েছিল। যে কারণে এই সিনেমায় অভিনয় করাটা প্রত্যেক শিল্পীর জন্যই অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা প্রত্যেকেই যার যার চরিত্রে যথাযথ অভিনয় করার চেষ্টা করেছি। আমি যে কারণে সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। আর রাকায়েত ভাইতো নির্মাতা ও অভিনেতা দুটো ক্ষেত্রেই সফল একজন মানুষ।’ এদিকে তুষ্টি এরইমধ্যে অসীমের নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির ফ্রেশ মিল্কের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গত বৃহস্পতিবার তিনি এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। এর আগে তিনি একটি প্রতিষ্ঠানের তেলের তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এই তিনটি বিজ্ঞাপনই নির্মাণ করেছেন অসীম। তুষ্টি অভিনীত রুহুল আমিন পরিচালিত ‘হাছনরাজা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন। অভিনয় জীবনে এটা তার অন্যতম একটি কাজ। তুষ্টি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো ‘লাল সবুজ’, ‘নন্দিত নরকে’, ‘স্বপ্নডানায়’। এছাড়াও তিনি নিয়মিত অভিনয় করছেন ‘পাগলের কারখানা’, ‘পাগলা হাওয়ায়’, ‘মায়া মসনদ’সহ আরো বেশ ক’টি ধারাবাহিক নাটকে। এছাড়া দুরন্ত টিভিতে আবারো শুরু হচ্ছে ‘টিরিগিরি টক্কা-সিজন টু’। এই নাটকেরও শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।