ট্রাভেল অ্যান্ড টুরিজম মেলা উপলক্ষে ছয়টি আন্তর্জাতিক রুটে টিকিটে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। টিকিটে ছাড়ের অন্তর্ভুক্ত ছয়টি রুট হলো ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু। এ ছাড়া মেলা চলাকালীন বিমান স্টল থেকে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১০ শতাংশ ছাড়ে টিকিট কেনা যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে বিমান বাংলাদেশ এই ছাড়ের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় বিমানের স্টল থেকে ইকোনমি ক্লাসে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন ভাড়া ১৭ হাজার ৬৩১ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২২ হাজার ৫৩৫ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা ২৪ হাজার ৩১৮ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২০ হাজার ৪৬৯ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৯ হাজার ৯১৯ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৫ হাজার ২০১ টাকা এবং চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ১০ হাজার ৫৮১ টাকায় টিকিট কেনা যাবে। টিকিট কেনার জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে।
আগামী ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত হবে বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের টুরিজম মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াব) এই আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করছে। মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ইত্তেফাক/কেআই
