কয়লা বোঝাই ডুবন্ত জাহাজের উদ্ধার কাজ শুরু হয়নি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২২:১৭
মোংলা বন্দরের পশুর নদের হাড়বাড়িয়া এলাকায় ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজের উদ্ধার কাজ সোমবার পর্যন্ত শুরু করা হয়নি। এদিকে এ জাহাজডুবিতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা করছেন পরিবেশবিদরা। তবে বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারকরা পরিবেশের ক্ষতির শঙ্কার নেই বলে মনে করেন।
 
রবিবার ভোরে হারবাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিকটন কয়লা নিয়ে এমভি বিলাস নামে একটি কার্গো জাহাজ ডুবে যায়।
 
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, সুন্দরবন পূর্ব বিভাগের পশুর নদের চাঁদপাই রেঞ্জে জাহাজডুবির ঘটনায় এক সদসস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহীন কবির জাহাজডুবির কারণ ও কয়লায় পরিবেশের কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তা পর্যবেক্ষণ করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিবেন। তার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
 
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার (বিএন) মো. ওয়ালিউল্লাহ জানান, জাহাজডুবির পর তাতে থাকা কয়লা যাতে পশুর নদীতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। তাই পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা খুবই কম।
 
কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (অপারেশন) মো. লালন হাওলাদার বলেন, জাহাজে যে কয়লা রয়েছে তা কোথাও ভেসে যায়নি। কয়লা জাহাজের ভেতরেই রয়েছে। এ কারণে এতে পরিবেশের কোন ক্ষতির আশঙ্কা নেই। আমরা ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের চেষ্টা করছি।
 
পরিবেশ অধিদফতরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. এমদাদুল হক বলেন, সোমবার দুপুরে পরিবেশ বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে করেছেন। তবে জাহাজ ১০-১২ ফুট পানির নিচে থাকায় নমুনা সংগ্রহ করা ব্যাহত হচ্ছে। পরিবেশ দলের সদস্যদের সংগ্রহ করা পানি ও কয়লা পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার পরেই বলা যাবে এতে পরিবেশের ক্ষতি হবে কি হবে না।
 
ইত্তেফাক/আরকেজি