পরিস্থিতি স্নায়ুযুদ্ধের চেয়েও খারাপ :রাশিয়া

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ০২:০৫

রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো এখন স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া সরকারের বিরুদ্ধে রাসায়নিক গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে যখন রাসায়নিক অস্ত্র নিরোধ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থার এক বৈঠকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর তীব্র বাদানুবাদ চলছে, তখন পররাষ্ট্রমন্ত্রী একথা বললেন। তিনি সিরিয়ায় রাসায়নিক হামলার আলামত নষ্ট করার মার্কিন দাবিও নাকচ করে দিয়েছেন। অন্যদিকে সিএনএন জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, তিনি সিরিয়ায় যুক্তরাষ্ট্রকে অবস্থান করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রভাবিত করেছেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তিনি সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের চালানো হামলাকে আগ্রাসন বলে বর্ণনা করেন। সিরিয়ার দৌমায় কথিত যে রাসায়নিক হামলার জবাবে পশ্চিমা দেশগুলোর ওই হামলা, তার পেছনে বাশার আসাদ সরকারের কোন হাত থাকার কথা তিনি অস্বীকার করেন। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডাব্লিউ) এ নিযুক্ত মার্কিন দূতের দাবি, সিরিয়ায় রাসায়নিক হামলার পর আলামত নষ্ট করেছে রাশিয়া। তবে সের্গেই ল্যাভরভ সেই অভিযোগ নাকচ করে দেন।

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন স্নায়ুযুদ্ধের আশংকা নিয়ে কথাবার্তা হচ্ছে অনেকদিন ধরে। কিন্তু সমপ্রতি দু’পক্ষের সম্পর্কের যে মারাত্মক অবনতি ঘটেছে, তাতে সেই আশংকা এখন আরো জোরালো হয়ে উঠেছে। ঠিক এরকম এক পটভূমিতে সের্গেই ল্যাভরভ বলেন, এর একটা প্রধান কারণ দু’পক্ষের মধ্যে আলোচনা বা যোগাযোগের কোন চ্যানেল বা মাধ্যম না থাকা যা স্নায়ুযুদ্ধের সময় ছিল।  তিনি এজন্য অবশ্য দায়ী করেন ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোকে। তিনি বলেন, রাশিয়া এখন পশ্চিমা দেশগুলোর ওপর যেটুকু আস্থা অবশিষ্ট ছিল, সেটাও হারিয়ে ফেলছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো খুবই অদ্ভুত কিছু যুক্তির ভিত্তিতে চলছে, তারা আগে শাস্তি দিয়ে দিচ্ছে, তারপর প্রমাণ খোঁজার জন্য তদন্ত করছে।

ইত্তেফাক/নূহু