g রে জা উ ল ক রি ম খো ক ন
বলিউডে নায়িকা হিসেবে আলিয়া ভাটের আত্মপ্রকাশ করণ জোহরের হাত ধরেই। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ থেকে ‘রাজি’ পর্যন্ত করন জোহর প্রযোজিত বেশ অনেকগুলো সিনেমার নায়িকা হিসেবে তাকে দেখা গেছে। এর মধ্যে ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘শানদার’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘বাদরিনাথ কি দুলহানিয়া’ প্রভৃতি সুপারহিট সিনেমার কথা উল্লেখ করা যায়। এ ছবিগুলোর সাফল্য আলিয়াকে যেমন বলিউডে খুব কম সময়ের মধ্যে ভালো একটি অবস্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একইভাবে একজন সুঅভিনেত্রী হিসেবে বিকশিত হতে সহায়তা করেছে। করণ জোহর সবসময় জনপ্রিয় প্রতিষ্ঠিত তারকাদের নিয়ে ছবি তৈরি করেন। তবে গত বেশ কয়েকবছর ধরে আলিয়া ভাটের প্রতি তার বিশেষ আনুকূল্য প্রদর্শন সবার চোখে পড়ছে। গত বছর করন জোহর প্রযোজিত ‘রাজি’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রেখেছেন আলিয়া। ওই ছবিতে সুঅভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রী হিসেবেও বিবেচিত হয়েছেন তিনি। এ বছর ‘গাল্লি বয়’ ছবিতেও বাজিমাত করেছেন আলিয়া। ভিন্নধর্মী বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবিটিতে তার অভিনয়েও নতুনত্বের চমক ছিল। বলিউডে এই মুহূর্তে আলিয়া ভাটকে এগিয়ে থাকা অভিনেত্রীদের একজন বিবেচনা করা হচ্ছে। ভালো ব্যানার, ভালো নির্মাতা, ভালো সিনেমার জন্য তাকে হা-পিত্যেশ করতে হচ্ছে না। বরং ভালো মেধাবী গুণী চিত্রনির্মাতারাই চমত্কার চ্যালেঞ্জিং সব রোলে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসছেন তার কাছে। যে ছবিগুলোয় নিজের মেধা ও যোগ্যতা প্রকাশের সুযোগ রয়েছে, তেমন ছবিতেই অবলীলায় অভিনয়ের সুযোগ পেয়ে যাচ্ছে তিনি।
এ সপ্তাহে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম আলোচিত ও দীর্ঘ প্রতীক্ষিত তারকাবহুল একটি সিনেমা ‘কলঙ্ক’। বলা বাহুল্য এ ছবিটির প্রযোজক করণ জোহর। ১৫ বছর আগেই যে ছবিটি নির্মাণের কথা ভেবেছিলেন তার প্রয়াত পিতা। নানা কারণে যে ছবিটি নির্মাণ সম্ভব হয়নি, সেই নাটকীয় সংঘাতপূর্ণ প্রেমকাহিনিনির্ভর সিনেমা ‘কলঙ্ক’ অবশেষে নির্মিত হয়েছে। ছবিটিতে কয়েক প্রজন্মের গল্প তুলে ধরা হয়েছে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টির জন্য করণ জোহর তার প্রযোজিত ‘কলঙ্ক’ ছবিতে বলিউডের বেশ অনেকজন জনপ্রিয় তারকা শিল্পীর সমাবেশ ঘটিয়েছে। মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর, সোনাক্ষি সিনহা, কুনাল খেমু, কিয়ারা আদভানি, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ানদের পাশে এ ছবিতে একটি অন্যতম প্রধান নারী চরিত্রে আলিয়া ভাটকে দেখা যাবে। এখানে তার অভিনীত চরিত্রের নাম রূপা। একজনের স্ত্রী হলেও রূপা ভালোবাসে আরেকজনকে। তার এই ভালোবাসাকে স্বীকৃতি দেয় না সমাজ। বরং রূপার প্রেমের ব্যাপারটি কলঙ্ক হিসেবে বিবেচিত হয় সমাজের দৃষ্টিতে। বিবাহিতা তরুণী রূপা কোনদিকে যাবে ভেবে পায় না। দারুণ এক টানাপোড়েন তাকে তাড়িয়ে ফেরে। তেমনি এক জটিল চ্যালেঞ্জিং রোলে আলিয়া ভাট আবার দর্শক চিত্তে দোলা দিতে আসছেন। গ্ল্যামারাস লুক নিয়ে নয়, বরং স্নিগ্ধ ইমেজের এক তরুণীরূপে হাজির হচ্ছেন আলিয়া বছরের সবচেয়ে আলোচিত বলিউডি সিনেমাটিতে। দর্শক এতদিন তাকে যেভাবে দেখে আসছিলেন বিভিন্ন ইমেজে বিচিত্র সব চরিত্রে এবার ‘কলঙ্ক’ ছবির রূপা চরিত্রটি তার চেয়ে সম্পূর্ণ আলাদা। এ ছবিতে আলিয়া তার বিপরীতে নায়ক হিসেবে আবার বরুন ধাওয়ানকে পেয়েছেন। তাদের দুজনের পর্দা রসায়ন আবার নতুন করে দর্শকমনে ঝড় তুলবে সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা আশি ও নব্বই দশকের বলিউড শীর্ষ অভিনেত্রী মাধুরী দীক্ষিতও আছেন ‘কলঙ্ক’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। আলিয়া ভাট মাধুরীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন এবং দুর্দান্ত নেচেছেনও। পাশাপাশি সোনাক্ষি সিনহা, কিয়ার আদভানি, কৃতি শ্যাননের মতো নতুন প্রজন্মের আরো কয়েকজন অভিনেত্রীর গ্ল্যামারাস উপস্থিত থাকলেও আলিয়াই ‘কলঙ্ক’ ছবির মধ্যমণি হয়ে উঠবেন, আগেভাগে বলে দেওয়া যায়। আগামীতে রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করবেন আলিয়া। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো সঞ্জয়লীলা বানসালির আগামী সিনেমা ‘ইনশাআল্লাহ’য় সালমান খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।
