মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে রমনার বটমূলের আদলে প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে বর্ষবরণ করা হয়। পহেলা বৈশাখ সকালে ঐতিহ্যবাহী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৈশাখী গান ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী, সার্গাম সঙ্গীত বিদ্যালয় ও শিল্প-সাহিত্য সংসদের শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, তাজ আহমেদ, জয়া, মিশু, তপশ্রী, মায়িশা, বিজয় সরকার বাঁধন, বৃষ্টি, তাবাসসুম আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমার অপু বিশ্বাস ও রাজিয়া সুলতানা।
এরপর বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, নিরাপদ সড়ক চাই, ইন্টারন্যাশনাল স্কুল, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, অন্তরঙ্গ খেলাঘর আসর, সতীর্থ সাহিত্য সংগঠন, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা, উদীচী শিল্পীগোষ্ঠী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর মহিলা কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাব, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বানিয়াপাড়া আজিজিয়া, বাঁশবাড়ি, তুলশীরাম, রামকৃষ্ণ মডেল, পূর্ব বোতলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-ফারুক একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়।
শোভাযাত্রা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও থিয়েটার সৈয়দপুর পরিবেশন করে গরিবের মেয়ে সুন্দরী নাটক। এছাড়া একই মাঠে আয়োজন করা হয় বৈশাখী বইমেলা এবং শেখ রাসেল স্টেডিয়ামে মাসব্যাপী বৈশাখী মেলা। এদিন সৈয়দপুর উত্সবের শহরে পরিণত হয়। সবাই বৈশাখী পোশাকে ঘুরে বেড়ান।
